দিনাজপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

দিনাজপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

তাজুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৬৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথর ও শ্বেত পাথরের ৩টি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারচক্রের সাথে জড়িত থাকার অভিযোগে সুমন চন্দ্র দেব (৩০) ও আব্দুল হাই (৬৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—দিনাজপুরের বিরল উপজেলার গৌরীপুর গ্রামের সুমন চন্দ্র দেব এবং ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডপুর গ্রামের আব্দুল হাই।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় একটি চক্র দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছে। এরই প্রেক্ষিতে ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে গত ১১ এপ্রিল রাত পৌনে ২টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বিরল ও ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ জনকে আটকসহ ১০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি এবং সাড়ে ৪৫ কেজি ওজনের ১টি শ্বেত পাথরের শিব মূর্তি উদ্ধার করা হয়।

পরবর্তীতে বীরগঞ্জ এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও একটি ৩৩.৮৫ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ‘শিব লিঙ্গ’ মূর্তি উদ্ধার করে বিজিবি।

উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রংপুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা শেষে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা। ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন