লটারি মেধা নির্ধারণ করে না, বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

লটারি মেধা নির্ধারণ করে না, বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, লটারি পদ্ধতি মেধা নির্ধারণের সঠিক মাপকাঠি নয় এবং এটি ধনী-গরিবের বৈষম্য কমাতেও কোনো ভূমিকা রাখে না। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লটারি পদ্ধতি বাতিল করা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে মন্ত্রী তার এই অবস্থান পরিষ্কার করেন।

মন্ত্রী বলেন, লটারি পদ্ধতি তুলে দেওয়ায় অনেকেই আমার সমালোচনা করছেন এবং বলছেন আমি নাকি ধনী-গরিবের বৈষম্য তৈরি করছি। কিন্তু বাস্তবতা হলো, লটারি কখনো মেধাবী ও অমেধাবীর পার্থক্য নিরূপণ করতে পারে না। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে কোচিং সেন্টারের রমরমা ব্যবসার মূল কারণ আমাদের শিক্ষাব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা। এই দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়াকেই আগামী দিনের প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন তিনি। শিক্ষকরা শ্রেণিকক্ষে কী শেখাবেন এবং কীভাবে শেখাবেন, তার ওপরই শিক্ষার গুণগত মান নির্ভর করে বলে তিনি মন্তব্য করেন।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এই সভায় শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন