জামালগঞ্জে ভারতীয় মদসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জামালগঞ্জে ভারতীয় মদসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌ পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়। 

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফেনারবাক ইউনিয়নের আলীপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীতে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার লিপসিয়া (লংকাপাড়া) গ্রামের রিপন (২৮), সফিকুল ইসলাম (৩০) এবং জসিম উদ্দিন (৩৮)।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল সুরমা নদীতে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকাকে থামানোর সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে নৌকাটি নিয়ন্ত্রণে নেয় এবং তল্লাশি চালিয়ে ২৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সুনামগঞ্জের গজারিয়া এলাকা থেকে মদের চালানটি সংগ্রহ করে নদীপথে ভৈরবের দিকে নিয়ে যাচ্ছিল। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই নৌপথ ব্যবহার করে অবৈধ মাদক সরবরাহ করে আসছে বলে পুলিশের ধারণা।

লালপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানু জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নদীপথে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের নজরদারি এবং এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সচেতন মহল নৌ পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন