ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।
রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক শোক সমাবেশ ও প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত জলিল রহিমি জানান, যুদ্ধাবস্থার কারণে বর্তমানে অনেক দেশের জাহাজই হরমুজ প্রণালিতে অপেক্ষমাণ রয়েছে, যার মধ্যে বাংলাদেশের কিছু জাহাজও রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করব এবং আটকে পড়া জাহাজগুলো যাতে দ্রুত ও নিরাপদে এই জলপথ পার হতে পারে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই জাহাজগুলো গন্তব্যে রওনা হতে পারবে।”
যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে ইরানি রাষ্ট্রদূত বলেন, “আমেরিকা বিশ্ববাসীকে দেখাতে চায় তারা শান্তি চায়, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য ভিন্ন। তারা অতীতেও আলোচনার কথা বলে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা স্পষ্ট করে দিয়েছি যে, আলোচনা হতে হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। মর্যাদা ক্ষুণ্ণ করে ইরান কোনো আলোচনায় বসবে না।”
ইরানের বর্তমান সামরিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আলোচনার জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে, ততক্ষণ ইরান কোনো হামলা চালাবে না। তবে যুক্তরাষ্ট্র যদি এই সময়সীমা লঙ্ঘন করে আক্রমণ করে, তবে ইরানও পাল্টা জবাব দিতে বাধ্য হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ