ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: গাজা অভিমুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলা’র ওপর সশস্ত্র হামলার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট প্রস্তুত করেছে ইস্তাম্বুলের চিফ পাবলিক প্রসিকিউটর অফিস।
রোববার (১২ এপ্রিল) তুর্কি প্রসিকিউটররা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
প্রস্তুতকৃত চার্জশিটে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৪ হাজার ৫৯৬ বছর পর্যন্ত কারাদণ্ড দাবি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’, ‘গণহত্যা’ এবং ‘নির্যাতনের’ মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর ২০২৫-এ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করার সময় আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলা’র স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। তুরস্ক জাতিসংঘ সমুদ্র আইন (UNCLOS) এবং নিজস্ব দণ্ডবিধির আওতায় এই তদন্ত কার্যক্রম শুরু করেছে।
তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টর বুরহানুদ্দিন দুরান এক বিবৃতিতে বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহুর কাউকে শিক্ষা দেওয়ার মতো কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই।” তিনি নেতানিয়াহুকে আঞ্চলিক অস্থিরতার জন্য দায়ী করে বলেন, তাঁকে অবশ্যই এই ‘মানবতাবিরোধী অপরাধের’ হিসাব দিতে হবে। তুর্কি কর্মকর্তারা গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের কঠোর প্রয়োগ ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, অক্টোবর ২০২৫-এ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হওয়া সত্ত্বেও ইসরায়েল ২ হাজার বারের বেশি তা লঙ্ঘন করেছে এবং এতে ৭৩৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, লেবাননে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চললেও ইসরায়েল ‘ইটারনাল ডার্কনেস’ (Eternal Darkness) নামক অভিযান অব্যাহত রেখেছে।
জাতিসংঘের তথ্যমতে, গত বুধবার ইসরায়েলি বাহিনীর সমন্বিত হামলায় একদিনেই ৩৫৭ জন নিহত হয়েছেন, যা বর্তমান সংঘাতের সবচেয়ে ‘ভয়াবহ পর্যায়’। ২০২৪ সালে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার সতর্ক করে বলেছেন, মাত্র ১০ মিনিটের মধ্যে ১০০টি স্থানে বোমাবর্ষণের শিকার লেবানন এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটের সম্মুখীন।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ