রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১১

রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১১

মেহেদী মাছুম, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ একই পরিবারের ৮ জন এবং উভয় পক্ষের মোট ১১ জন আহত হয়েছেন। উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার চাঁন মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীনগর এলাকায় একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বিল্লাল হোসেন ও তার সহযোগীরা প্রবাসী মুক্তার ও নেছার আহম্মদের বাড়ির সামনে এসে উত্তেজনা সৃষ্টি করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। পরে তানজিদের নেতৃত্বে রাব্বি, হাসান, জাহিদ ও আশিকসহ একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ একই পরিবারের ৮ জন এবং উভয় পক্ষের আরও ৩ জন আহত হন। গুরুতর আহতদের রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন বলেন, “তারাই প্রথমে আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। এখন নিজেদের বাড়িঘর ভাঙচুর করে আমাদের ওপর মিথ্যা দোষ চাপানোর চেষ্টা করছে।” তবে ভুক্তভোগী নেছার আহম্মদ বাদী হয়ে রায়পুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন