ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল নগরীর চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপন রানাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত বছরের ৩ ডিসেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকেই রিপন পলাতক ছিল।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর নাজিরা পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৩ ডিসেম্বর নগরীর ১০নং ওয়ার্ডের ভাটারখাল এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন একটি মার্কেটের তৃতীয় তলায় রিপনের নিজ অফিসে পরিকল্পিতভাবে বেলালকে হত্যা করা হয়। নিহত বেলাল পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। তার লাশে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়ার দাগ থাকায় পুলিশ শুরু থেকেই একে হত্যাকাণ্ড হিসেবে গণ্য করে। ঘটনার পর বেলালের বাবা আব্দুল হক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার সময় দুই নারীসহ ৩ জনকে আটক করা হলেও মূল হোতা রিপন পালিয়ে যেতে সক্ষম হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিপন মামলার পর জামিন না নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াত। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরা পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় সে মদ্যপ অবস্থায় ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো. গোলাম নাসিম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ‘ট্রলার রিপন’ খ্যাত এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটি যে হত্যাকাণ্ড ছিল তা নিশ্চিত হওয়া গেছে। রিপনকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ