জামালপুরে মাদক, চুরি ও ছিনতাই রোধে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরে মাদক, চুরি ও ছিনতাই রোধে এলাকাবাসীর মানববন্ধন

মো. ইমরান মাহমুদ, জামালপুর : জামালপুর পৌর শহরে মাদক কারবারিদের উৎপাত, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরের দিকে পৌর শহরের তিরুথা এলাকায় জামালপুর-তিরুথা সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব জামালপুরের সদস্য ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। মানববন্ধনে বামুনপাড়া, তিরুথা, রামনগর ও নাকাটি এলাকার কয়েকশ মানুষ অংশ নিয়ে অপরাধমুক্ত সমাজের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি এই চার এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে সেচ পাম্প, গবাদি পশু ও হাঁস-মুরগি চুরির ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বক্তারা এই পরিস্থিতির মূল কারণ হিসেবে মাদকের ভয়াবহ বিস্তারকে দায়ী করেন।

বক্তারা আরও বলেন, "মাদক কারবারি ও মাদকসেবিরাই এসব অপরাধের মূল হোতা। সমাজ থেকে এদের চিরতরে নির্মূল করতে হবে। বিশেষ করে এলাকার শান্তি বিঘ্নকারী চিহ্নিত দুর্বৃত্ত ইমনসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশি টহল জোরদার করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন