ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলমখালী হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণকালে তিনি সাফ জানিয়ে দেন, কৃষকের ফসল নিয়ে কোনো ছিনিমিনি সহ্য করা হবে না।
পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুল বলেন, “আমি হাওর পাড়ের সন্তান, হাওরের সমস্যা ও বাস্তবতা খুব ভালো করেই বুঝি। আমি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলাম। তাই অনিয়মের বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হলে আমরাও ভয়ংকর হতে পারি। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
পাউবো কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “শোনা যায়, এখানে চাকরি করতে আসতে টাকা লাগে। এখন থেকে কেউ টাকা দিয়ে আসার পরিস্থিতি তৈরি হলে তার জবাবদিহি করতে হবে। পিআইসিরা যখন চেক নিতে যাবেন, সেখানে যদি কোনো টাকা কাটা হয় বা রাখা হয়, তবে সংশ্লিষ্টদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন এবং হাওর এলাকায় তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
এমপি কামরুল আরও বলেন, পাহাড়ি ঢলের হাত থেকে কৃষকের সোনার ফসল রক্ষা করা আমাদের প্রথম অগ্রাধিকার। বাঁধ নির্মাণে অবহেলা বা নিম্নমানের কাজ হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি পরিবেশবান্ধব পদ্ধতিতে দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত বাঁধের কাজ শেষ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ কৃষকরা।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ