বগুড়ায় শাকপালা পার্কে পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়ায় শাকপালা পার্কে পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া সদর উপজেলার ঐতিহাসিক শাকপালা পার্কে উন্নয়নের এক নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টায় পার্কটি পরিদর্শন করে এর আধুনিকায়ন ও পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক গতি প্রদান করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পার্কটির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে এর সৌন্দর্যবর্ধন এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মীর শাহে আলম বলেন, "জনসাধারণের সুস্থ বিনোদনের জন্য এই পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটিকে একটি বিশ্বমানের বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছি।"

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে গড়া এই শাকপালা পার্কটি একসময় উত্তরবঙ্গের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র ছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি পরিত্যক্ত ও জঞ্জালে পরিণত হয়।

পার্কটির গুরুত্ব নতুন করে আলোচনায় আসে যখন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পার্কের স্মৃতিচারণ করেন। সেই আলোচনার সূত্র ধরেই বর্তমান সরকার পার্কটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে।

বগুড়াবাসী মনে করছেন, যথাযথ পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শাকপালা পার্ক আবারও তার জৌলুস ফিরে পাবে। এটি কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, বরং উত্তরবঙ্গের পর্যটন শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে। প্রতিমন্ত্রীর এই পরিদর্শনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন