ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন এক রোগীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (২৭ মার্চ ) এই লোমহর্ষক ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রাসেল বিশ্বাস (২৫), তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তাঁর আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। পরে শুক্রবার সকালে তাঁকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ রয়েছে, রাসেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পান্না বিশ্বাসের লোকজন সেখানে ঢুকে দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
নিহতের ভাই রবিউল বিশ্বাস বলেন, "জমি নিয়ে বিরোধের জেরে আমার চাচা পান্না বিশ্বাসের লোকজন বৃহস্পতিবার রাতে আমার ভাইকে মারধর করে। আজ হাসপাতালে ভর্তি করার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চাইনিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে। ওর অবস্থা এখন আশঙ্কাজনক।"
ঘটনার পর থেকে অভিযুক্ত পান্না বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত হাসপাতাল পরিদর্শন করেছে। কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো জানান, "সংবাদ পাওয়ার পরপরই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
হাসপাতালের মতো নিরাপদ স্থানে ঢুকে এমন হামলার ঘটনায় রোগী ও তাঁদের স্বজনদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ