শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা

পুলক রায়, শেরপুর: শেরপুর শহরের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জননিরাপত্তার স্বার্থে ওই তেলের ট্যাংক ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় কোনো ধরনের অগ্নি-নির্বাপক ব্যবস্থা বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিশাল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে।

অভিযানে ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এর মালিক তাপস নন্দীকে দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রিতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাপস নন্দী ও তাঁর সহযোগী শফিকুল ইসলাম হেলাল দীর্ঘদিন ধরে ওই ভবনের নিচে প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করে ডিজেল মজুদ ও বিক্রি করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, "আবাসিক ভবনে এভাবে দাহ্য পদার্থ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনের বাসিন্দাদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত তেল ও অবৈধ ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রম প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হবে।" তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্সসহ অন্যান্য নথিপত্র যাচাই করা হচ্ছে এবং এ ধরনের জনঝুঁকিপূর্ণ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

গভীর রাতে এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন তেলের মজুদ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছিল।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন