ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক।
শুক্রবার (২৭ মার্চ ) দুপুর ২টায় রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রশাসক মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রী শ্রী বাসন্তী পূজা ও রামচন্দ্রের জন্মোৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন, “যার যার ধর্ম সে সে পালন করবে, কিন্তু এই দেশটা আমাদের সকলের। এই দেশকে সকলে মিলে একযোগে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সকল মতভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে আরও সুন্দর ও আধুনিক করে গড়ে তুলবো।”
তিনি মন্দির কমপ্লেক্সের প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শহরের পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, “পরিচ্ছন্ন রাজশাহীর পরিচ্ছন্নতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা কেউ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবো না। একটি আদর্শ ও বাসযোগ্য শহর নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করতে হবে।”
কর্মসূচির শুরুতে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে, সদস্য প্রশান্ত কুমার সাহা ও রঞ্জন কুমার মিত্র প্রমুখ।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ