ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বাগবাটী ইউনিয়নে এক অসহায় প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ এবং পুলিশ দিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের পেঁচিবাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা ও শারীরিক প্রতিবন্ধী মো. মহসিন শেখ (৩৯) ঢাকায় লিফটম্যানের চাকরি করতেন। সেই সুবাদে সিরাজগঞ্জের পেঁচিবাড়ি গ্রামের মোহাম্মদ বীন আসির জিমের সাথে তাঁর পরিচয় হয়। জিম কৌশলে মহসিনের জমানো টাকা, যাকাতের অর্থ এবং তাঁর স্ত্রীর গার্মেন্টসে চাকরির জমানো টাকাসহ মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জমি দেওয়ার নাম করে হাতিয়ে নেয়। জমি না দিয়ে জিম তাকে তার গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় দেয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, মহসিন পাওনা টাকা ফেরত চাইলে জিম তাকে সিরাজগঞ্জ সদর থানার বারিক দারোগা ও ভাড়াটে গুণ্ডাবাহিনী দিয়ে অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে গ্রামবাসী এগিয়ে এলে পুলিশ মহসিনকে হাতকড়া পরা অবস্থায় রেখে চলে যেতে বাধ্য হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, "জিম আমাদের গ্রামের ছেলে হলেও সে একজন মাদক ব্যবসায়ী। আমরা একজন অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছি। জিম ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মহসিনের পাওনা টাকা দ্রুত ফেরত দিতে হবে।"
ভুক্তভোগী মহসিন তাঁর তিন শিশু কন্যা ও স্ত্রীকে নিয়ে মানববন্ধনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ