ঈদের ৪র্থ দিনেও সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়

ঈদের ৪র্থ দিনেও সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়

রুপম চাকমা, খাগড়াছড়ি: পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনেও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে পর্যটকদের এই বাড়তি চাপের বিপরীতে আবাসন ও তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন ভ্রমণকারীরা। বিশেষ করে তেল না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাইক চালকদের।

সাজেকের শতাধিক রিসোর্ট ও কটেজ ইতোমধ্যে আগাম বুকিং হয়ে গেছে। রুম না পেয়ে অনেক পর্যটক খাগড়াছড়ি শহরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। পর্যটকদের অভিযোগ, ঈদের সুযোগে সাজেকে রুম ভাড়া ও গাড়ি ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি সাধারণ একেকটি তাঁবুর ভাড়াও রাখা হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, বর্তমানে সব রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং রয়েছে। পর্যটকদের ভোগান্তি এড়াতে অবশ্যই আগে থেকে রুম নিশ্চিত করে সাজেক আসার পরামর্শ দিয়েছেন তিনি।

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে আসা পর্যটকদের সংখ্যা কয়েক গুণ বাড়লেও সাজেক ও এর আশপাশে পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ নেই। এতে অনেক বাইক চালক মাঝপথে বা সাজেকে এসে তেলের অভাবে আটকে পড়েছেন। স্থানীয় বাজারে চড়া দামে তেল বিক্রি হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

সাজেক টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নিশাত রায় জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। অভ্যন্তরীণ নজরদারি বাড়ানোর পাশাপাশি কোনো পর্যটক যেন হেনস্তার শিকার না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের খাবার ও অন্যান্য সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও অতিরিক্ত ব্যয় এবং তেলের সংকট ভ্রমণের আনন্দে কিছুটা ভাটা ফেলেছে বলে মনে করছেন পর্যটকরা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন