ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা-পিরোজপুর মহাসড়কের দক্ষিণ শৈলদাহ বাংলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাবু মোল্লা মোটরসাইকেলযোগে ঢাকার দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ শৈলদাহ বাংলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খুলনা-বরিশাল লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবু মোল্লা প্রাণ হারান।
নিহতের সাথে থাকা ভোটার আইডি কার্ড অনুযায়ী তাঁর নাম বাবু মোল্লা। তিনি ঢাকার সায়েদাবাদ কুরশাইল এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করার প্রক্রিয়া চলছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চলছে।"
মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ