ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা : রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পীরগাছার কৃতি সন্তান ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু এবং উপজেলা তারবিয়াত সভাপতি আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। এরপর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১৬ জন কৃতি শিক্ষককে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রদান শেষে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সাধারণ মানুষ এলাকার বিভিন্ন বিদ্যমান সমস্যার কথা সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। উপস্থিত দুই সংসদ সদস্য ধৈর্যসহকারে জনগণের অভাব-অভিযোগ শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন।
বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এ ধরনের সম্মাননা শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ