ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: আজ ২৫শে মার্চ, সেই ভয়াল কালরাত। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়েছিল। সেই সকল শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ফেনী জেলা ইউনিটের সভাপতি জুলফিকার আলী ভুট্টু ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভূমিতে পুষ্প অর্পণ করেন। এ সময় তাঁরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বলেন, "বধ্যভূমির প্রতিটি ধূলিকণা আমাদের বীরত্বগাথার সাক্ষ্য বহন করে। এই বধ্যভূমিকে সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের কাছে গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।"
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে ফেনী জেলা প্রশাসক মনিরা হক ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফেনী জেলা পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা প্রত্যেকেই পৃথক পৃথকভাবে বধ্যভূমির বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভয়াল এই দিনটি স্মরণে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভগুলোতে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হবে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ