২০২৫ সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশ পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

২০২৫ সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশ পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৫ সালে কোন দেশ সবচেয়ে বেশি দূষিত ছিল সেই তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, বছরটিতে দূষিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে তাজিকিস্তান ও চাদ। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা নিজেদের এক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালে পাকিস্তান ছিল বিশ্বের সবচেয়ে ধোঁয়াশাচ্ছন্ন দেশ। বছরটিতে দেশটির বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশকৃত সীমার তুলনার ১৩ গুণ।

মঙ্গলবার (২৪ মার্চ) বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে আইকিউএয়ার। প্রতিবেদনে সংস্থাটি বলছে, মাত্র ১৩টি দেশ ও অঞ্চল তাদের পিএম ২.৫ এর উপস্থিতির গড় মাত্রা ডব্লিউএইচওর নির্দেশিকার নিচে রাখতে পেরেছে। ২০২৪ সালের এ সংখ্যা ছিল ছয়টি। ১৪৩টি দেশের ৯ হাজার ৪৪৬টি শহর থেকে তথ্য সংগ্রহ করেছে আইকিউএয়ার। সামগ্রিকভাবে, পর্যবেক্ষণ করা ১৪৩টির মধ্যে ১৩০টি দেশ ও অঞ্চল ডব্লিউএইচওর মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ ধরেই এ বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে। স্বাস্থ্যকর বায়ুর জন্য ডব্লিউএইচওর নির্ধারিত মান হলো, প্রতি ঘনমিটারে গড়ে সর্বোচ্চ পাঁচ মাইক্রোগ্রাম। পাকিস্তানে এর মাত্রা ছিল ৬৭ দশমিক তিন মাইক্রোগ্রাম।

প্রতিবেদনে আইকিউএয়ার জানিয়েছে, বাংলাদেশের বাতাসের প্রতি ঘনমিটারে পিএম ২.৫ এর মাত্রা ছিল ৬৬ দশমিক এক মাইক্রোগ্রাম, যা ডব্লিউএইচওর বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি। এর আগের বছর অর্থাৎ, ২০২৪ সালে এ মাত্রা ছিল ৭৮ মাইক্রোগ্রাম। আর ২০২৩, ২০২২ ও ২০২১ সালে মাইক্রোগ্রামের মাত্রা ছিল যথাক্রমে ৭৯ দশমিক ৯, ৬৫ দশমিক আট ও ৭৬ দশমিক ৯। এদিকে, ২০২৫ সালে শহর হিসেবে ঢাকা ছিল ৩২তম দূষিত শহর। বছরটিতে জনাকীর্ণ শহরটির বাতাসে মাইক্রোগ্রামের পরিমাণ ছিল ৬৮ শতাংশ। ওই বছরে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ভারতের লনি। তালিকায় এরপরে যথাক্রমে ছিল চীনের হোতান, ভারতের বাইরনিহাট, দিল্লি ও পাকিস্তানের ফয়সালাবাদ।

আইকিউএয়ার তথ্যমতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হন কয়েক কোটি। ২০২৫ সালে এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংক জানায়, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও পাকিস্তানের প্রায় ১০০ কোটি মানুষ প্রতিদিন অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছে। ফলে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে আঞ্চলিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন