ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিসেস মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে’ যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৫ মার্চ ২০২৬) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এক অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
উদ্বোধনী ভাষণে ডা. জুবাইদা রহমান বলেন, “আমি আমার দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এখানে এসেছি। আমার স্বামী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার বিপুল ম্যানডেট নিয়ে ক্ষমতায় এসেছে। একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি গঠনে আমাদের সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ফার্মার্স কার্ড’-এর মতো উদ্যোগ চালু করেছে, যা পরিবারগুলোকে আর্থিক সুরক্ষা দেয় এবং শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করে।” একজন চিকিৎসক হিসেবে তিনি প্রতিটি শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
ওয়ার্কিং সেশনে তিনি শিশুদের উন্নয়ন বিষয়ে বৈশ্বিক অঙ্গীকারে বিশ্বনেতাদের একত্রিত করার জন্য মার্কিন ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানান। এই সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান আরও বলেন, “প্রতিটি জাতির ভবিষ্যৎ তাদের শিশুদের যত্ন, শিক্ষা এবং মূল্যবোধের ওপর নির্ভরশীল।” জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এবং ‘সুরভী’র মাধ্যমে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে রূপান্তরিত করতে পারে। আমাদের সরকার শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার সরবরাহ, ডিজিটাল পাঠ্যক্রম এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালু করছে যাতে শহর ও গ্রামের বৈষম্য দূর হয়।
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা চালু করেছিলেন। আমাদের সরকার তা স্নাতকোত্তর স্তর পর্যন্ত নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি খাতের ভিত্তি স্থাপন করে লক্ষ লক্ষ নারীর কর্মসংস্থান করেছিলেন।”
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উদ্যোক্তা মেহনাজ মান্নান, রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ও ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ। ডা. জুবাইদা রহমান সম্মেলনে শিশুদের শিক্ষার উন্নয়নে আয়োজিত প্রযুক্তি প্রদর্শনীও পরিদর্শন করেন। বুধবার হোয়াইট হাউসে সম্মেলনের সমাপনী অধিবেশনেও তিনি অংশগ্রহণ করবেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ