ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তা মারাত্মক রূপ ধারণ করে। এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে ৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো রাত ১০টা থেকে ১১টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানে ৪ থেকে ৫টি করে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় একের পর এক বিস্ফোরণে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে যায় এবং দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দোকান মালিক ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ৫টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে দগ্ধ ও আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ব্যবসায়ীদের দাবি, এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিক তদন্তে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘনবসতিপূর্ণ বাজারে এভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখায় আগুনের ভয়াবহতা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ