নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত ও বিভীষিকাময় গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “গণহত্যার সেই নির্মম ইতিহাস বাঙালি জাতিকে আজীবন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত রাখবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বীর শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নিয়ামতপুর রিপোর্টার্স প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোমবাতি প্রজ্জ্বলন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদদের স্মরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন