মুন্সিগঞ্জে অবৈধ অস্ত্র প্রশিক্ষণ, গ্রেফতার ৩

মুন্সিগঞ্জে অবৈধ অস্ত্র প্রশিক্ষণ, গ্রেফতার ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি


মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণরত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় আলোচিত রাসেল-ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে রাসেলকে ভিডিওতে উপস্থিত থাকতে দেখা গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়াটিয়া ভবনে অভিযান চালায় ডিবি। এসময় শ্রীনগরের বাঘড়া এলাকার রাসেল হাওলাদার (৩০),সাখাওয়াত বেপারি (২৮) ও তারেক খানকে (৩০) আটক করা হয়।

বুধবার(১৫ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, বেশ কিছু দিন পূর্বে নিজেদের মোবাইলে ধারণকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 ভিডিওর স্থানটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের পুকুর পাড় এবং ভিডিওর ব্যক্তিরা বাঘড়া ইউনিয়নের রাসেল হাওলাদার এবং তার সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়। ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হবার পর থেকেই জড়িতদের আটকে পুলিশ তৎপর হলে এই ব্যক্তিরা ধরা পড়ে।
পুলিশ সুপার বলেন, আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া বাকিদের ধরার চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, ১মিনিট ১৭সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জনশূন্য একটি স্থানে দাঁড়িয়ে আছেন ৪যুবক। তাদের মধ্যে দুজনের হাতে দুটি পিস্তল। একজনকে পিস্তল দেখিয়ে বলতে শোনা যায়, ‘দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।’

জবাবে অন্যজন বলেন, ‘দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।’ একজন বলেন, ‘লকটা খুলে টিপ দিলেই গুলি বের হইব।’ এ সময় পিস্তল হাতে নিয়ে আকাশের দিকে গুলি করার চেষ্টা করেন একজন। কীভাবে গুলি করতে হবে, পাশ থেকে বলছিলেন আরেক যুবক। 


খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে থাকা যুবকদের মধ্যে রাসেলের বাড়ি উপজেলার বাঘরা এলাকায়। ফয়সালের বাড়ি কামারখোলা। আর সাদা টি-শার্ট, কালো প্যান্ট ও টুপি পরা আহিরের বাড়ি শ্রীনগর ইউনিয়নের মথুরা পাড়ায় এবং অন্যজন একই এলাকার কালো পাঞ্জাবি পরা অর্পণ।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন