স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

নিজস্ব প্রতিবেদক: এবারের ঈদুল আজহায় শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া জাগানো অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে মহিষটিকে কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবারও নারায়ণগঞ্জের আদি খামারে রাখা হয়েছে।

আজ বুধবার (২৭ মে) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরল জাতের এই মহিষটিকে একনজর দেখতে ক্রেতার বাড়িতে ব্যাপক জনসমাগম হচ্ছিল, যা পরবর্তীতে বড় ধরনের বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারত। জননিরাপত্তার কথা বিবেচনা করে কেরানীগঞ্জের ওই ক্রেতাকে পুরো অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং সরকারি উদ্যোগে মহিষটিকে পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জেই সেটির লালন-পালন চলবে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এই বিরল অ্যালবিনো মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত মহিষটির গায়ের সাদাটে রঙ, গোলাপি নাক এবং কপালের ওপর ঝুলে থাকা হালকা সোনালি চুলের গড়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক হেয়ারস্টাইলের সাথে মিল থাকায় শখের বশে এই নামকরণ করা হয়।

৭০০ কেজি ওজনের এই মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বরিশাল, কুমিল্লাসহ দেশের দূর-দূরান্ত থেকে মানুষ এটিকে দেখতে খামারে ভিড় জমান। এই ক্রেজ শুধু দেশের মাঝেই সীমাবদ্ধ ছিল না; বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পায় বাংলাদেশের এই ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার সামির নামের এক ক্রেতা প্রতি কেজি ৫৫০ টাকা লাইভ ওয়েট দরে মহিষটি কিনে নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এবারের ঈদে কোরবানি হওয়া থেকে বেঁচে গেল এই সেলিব্রিটি মহিষ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন