নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ব্যাপক গণসংযোগের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সরকার গঠন করার পর এটি তাদের দ্বিতীয় ঈদ হওয়ায় দলটির কেন্দ্রীয় নেতারা এবং সরকারের মন্ত্রী-সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
একই সঙ্গে সরকারের ৩ মাসের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষ দলগুলোর ‘অপপ্রচার ও বিভ্রান্তি’র বিষয়ে জনগণকে সতর্ক করার নির্দেশনা রয়েছে তাঁদের প্রতি।
তবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতেই ঈদ করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী এবার ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। তাঁদের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিও ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহ্দী আমিন এবং হুমায়ুন কবির ঢাকায় ঈদ করবেন (তবে হুমায়ুন কবিরের সিলেটে যাওয়ারও কথা রয়েছে)। অন্যদিকে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।
সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সংসদ-সদস্যদের একটি বড় অংশই এবার তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকার বাইরে যাচ্ছেন। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ করবেন।
এছাড়া বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন ও গণসংযোগ করবেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল জানান, কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদ ও গণভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এর বিরুদ্ধে দলীয়ভাবে লিফলেট বিতরণ কর্মসূচি রয়েছে, যা ইতোমধ্যে সারা দেশে পৌঁছানো হয়েছে। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “আমরা নাটোরে জনগণের সঙ্গে ঈদ করব এবং গত ৩ মাসে সরকার কী কী জনকল্যাণমূলক কাজ করেছে তা তুলে ধরব।”
এম.এম/সকালবেলা