ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ বুধবার (২৭ মে ২০২৬) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রওনা হয়ে ড. ইউনূস প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নেবেন। এরপর সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে তাঁর প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় সম্মান ও ভিআইপি প্রোটোকল দেওয়া হয়।

ড. মুহাম্মদ ইউনূসের ঢাকা ত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি জানান, সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাবেক প্রধান উপদেষ্টা ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন এবং তাঁর চূড়ান্ত গন্তব্য প্যারিস।

তবে ড. ইউনূসের এই ফ্রান্স সফরের মূল উদ্দেশ্য কী কিংবা সেখানে তাঁর কী কী নির্ধারিত কর্মসূচি রয়েছে, সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে বা তাঁর ঘনিষ্ঠ কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ প্যারিসে আন্তর্জাতিক কোনো সম্মেলনে অংশ নিতে কিংবা দ্বিপাক্ষিক বিশেষ আমন্ত্রণে এই সফরে গেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন