প্রধানমন্ত্রী তারেক রহমান। -ফাইল ছবি
জাতীয় ডেস্ক: ত্যাগ, তাকওয়া এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে আগত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (২৭ মে ২০২৬) এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান এবং কোরবানির প্রকৃত তাৎপর্য বুকে ধারণ করে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে—এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।”
সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার ওপর জোর দিয়ে তারেক রহমান সামর্থ্যবানদের প্রতি বিনীত আবেদন জানান। তিনি বলেন, “যাদের আল্লাহ এ বছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন—যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির অন্যতম শিক্ষা।”
ঈদের দিন পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নাগরিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, যাতে কোরবানির দিনেই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা যায়।”
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। দেশবাসীকে আবারও ‘ঈদ মোবারক’ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
এম.এম/সকালবেলা