নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীতে বৈরী আবহাওয়া বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজন করা সম্ভব না হলে বিকল্প স্থানে জামাত অনুষ্ঠানের সময় ও সূচি ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
মঙ্গলবার (২৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে থাকলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
তবে যদি প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়, তবে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতটি স্থানান্তরিত ও অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানিয়েছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকাবাসীসহ দেশের সকল মুসল্লিকে এই বিশেষ নির্দেশনাবলী অনুসরণ করে যথাসময়ে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।