স্টাফ রিপোর্টার, সাভার
ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় দেশীয় অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ায় দায়িত্বরত জামগড়া আর্মি ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে একাধিক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইমন (২৩), রাহুল (২৩), সারোয়ার (৩০), সানোয়ার (৩৩) ও বায়েজিদ (২২)। তাঁরা সবাই ভাদাইল এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় কয়েকজন অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭টি রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, চাঁদাবাজি সন্ত্রাসী ও মাদকব্যবসার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসীকে বিপুল দেশী অস্ত্র ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত মোবাইলসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
সকালবেলা/এমএইচ