গ্যাস-বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি কমান: বাংলাদেশ খেলাফত মজলিস

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ
গ্যাস-বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি কমান: বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিদ্যুৎ, তেল ও গ্যাসের বারবার মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে আজ রোববার (৭ জুন) বাদ আসর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “নির্বাচনের পর অল্প সময়ের ব্যবধানে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ এমনিতেই দিশেহারা। এর ওপর বারবার জ্বালানির দাম বৃদ্ধি জনগণের পিঠে নতুন বোঝা চাপিয়ে দিচ্ছে।”

মাওলানা জালালুদ্দীন আহমদ সরকারকে হুঁশিয়ার করে বলেন, “সরকার যদি বিদ্যুৎ, তেল ও গ্যাস খাতে व्याप्त দুর্নীতি, অপচয় এবং চাঁদাবাজি বন্ধ করতে পারে, তবে জনগণের ওপর বারবার মূল্যবৃদ্ধির বোঝা চাপানোর কোনো প্রয়োজন হবে না। অথচ সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন ও ধর্ষণের মতো ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।” তিনি আরও মনে করিয়ে দেন, জনগণের কণ্ঠস্বর উপেক্ষা করে অতীতে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারেনি।

সমাবেশে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনাকে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার জন্য চরম উদ্বেগজনক বলে অভিহিত করেন বক্তারা। এ বিষয়ে সীমান্ত এলাকার সাধারণ জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পেশাদারিত্বের প্রশংসা করে সরকারের প্রতি কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মুকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন