ভাইয়ের মৃত্যুশোকে বোনের স্ট্রোকে মৃত্যু
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে, বড় ভাইয়ের মৃত্যুর এই মর্মান্তিক খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাৎক্ষণিক মারা গেছেন তাঁর ছোট বোন রাশিদা বেগম। একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভাই-বোনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ রোববার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র আনিছুর রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত মো. আনিছুর রহমান (৬৭) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার একাধারে চারবার নির্বাচিত সফল মেয়র ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা শ্রমিক লীগের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি জাতীয় ছাত্রলীগের নেতৃত্ব দেন এবং শ্রীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি (VP) নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আত্মগোপনে ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রয়াত মেয়রের ছোট ভাই মো. হাফিজুর রহমান বলেন, "তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানাবিধ বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার চরম অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ICU) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ দুপুরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।"
নিহত মেয়রের স্বজন জাহিদুল আলম রবিন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মেয়রের মৃত্যুর নিশ্চিত খবরটি গ্রামের বাড়িতে পৌঁছানোর পরপরই তাঁর ছোট বোন রাশিদা বেগম তীব্র শোকে স্ট্রোক করেন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে, জনপ্রিয় এই সাবেক মেয়রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ, স্বজন ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে শোকের রোল পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শোকের স্রোত বইছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুরের মাধখলা স্কুল মাঠে মরহুম সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোন রাশিদা বেগমের যৌথ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে।
এআইএল/সকালবেলা
|