বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ২৩ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি ও এজেন্ডা নির্ধারণে চলতি সপ্তাহে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। আগামী বুধবার (১০ জুন) তিনি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বলে ঢাকা-বেইজিংয়ের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে দুটি দেশ সফর করবেন পররাষ্ট্রসচিব। সফরের প্রথমাংশে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা যাবেন। সেখানে আগামী মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ‘সিনিয়র অফিশিয়াল মিটিং’-এ অংশ নেবেন তিনি। বৈঠক শেষে ওই দিনই ম্যানিলা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন পররাষ্ট্রসচিব। বেইজিংয়ের দ্বিপাক্ষিক আলোচনা শেষে আগামী বৃহস্পতিবার (১১ জুন) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সরকারের এক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, আগামী ২৩ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেকোনো শীর্ষ পর্যায়ের সফরের ক্ষেত্রে ‘গ্রাউন্ড ওয়ার্ক’ বা প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় পররাষ্ট্রসচিবের এই বেইজিং সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
|