রামিসা হত্যা মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের লক্ষ্যে উচ্চ আদালতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় শুনানির সিরিয়াল এগিয়ে আনার জন্য সুপারিশ করা হবে।
আজ রবিবার (৭ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ঘটনার ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যা মামলার তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং বিচারিক আদালতের রায়—সবকিছুই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির সিরিয়াল এগিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলাটির তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা প্রশংসনীয়। বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
|