নোয়াখালীতে আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষ, গ্রেপ্তার ২৫
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন।
এর আগে, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে জেলা পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলিরই একটি অংশ।
একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে। এ ছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ关সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন জানান, সুধারাম মডেল থানার ওসির বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতায় জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|