বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ইব্রাহিম ফরাজি, বাউফল (পটুয়াখালী) বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরশহরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের নির্বাচন অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জুয়েলের সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা কর্মসূচিতে অংশ নেন। নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে চলে যান।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রলীগের নেতা রাইজুল আহম্মেদ তাফছান। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশব্যাপী আটক নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচির বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বাউফল থানা-পুলিশের নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইন অনুযায়ী অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|