মাছ চুরি করে গণধোলাই খেলেন ছাত্রলীগ নেতা

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
মাছ চুরি করে গণধোলাই খেলেন ছাত্রলীগ নেতা

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও ছাত্রদল নেতার একটি মৎস্য প্রকল্পে জোরপূর্বক মাছ শিকার করতে গিয়ে স্থানীয় জনতা ও খামার মালিকদের হাতে ধরা পড়েছেন ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী। এ সময় চোর চক্রের সশস্ত্র হামলায় মৎস্য খামারের পাহারাদার ও কয়েকজন গ্রামবাসীও জখম হয়েছেন।

আজ রোববার (৭ জুন) ভোরের দিকে উপজেলার পাগলা থানাধীন স্বল্পছাপিলা গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার শেষ রাতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আজিজুল হক এবং ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, অমিত ও জাহিদ হাসানসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ওই মৎস্য খামারে অনধিকার প্রবেশ করে জাল ফেলে মাছ ধরতে শুরু করে। খামারের পাহারায় থাকা ছাত্রদল নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা বিষয়টি টের পেয়ে চারপাশ থেকে ঘেরাও করেন।

এ সময় পালানোর চেষ্টা করলে উত্তেজিত গ্রামবাসী ও খামার মালিকরা তাঁদের ধরে গণপিটুনি দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের অভিযুক্ত ব্যক্তিসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্বল্পছাপিলা গ্রামের ওরপাথর বিলের একটি মৎস্য প্রকল্পে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।” তবে ঘটনার সাথে জড়িতরা আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

এই ঘটনায় মৎস্য খামারের স্বত্বাধিকারীদের পক্ষ থেকে পাগলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন