পুনর্বিন্যাসের জন্য ২ হাজার ৪০০ প্রকল্প পর্যালোচনা করছে সরকার: জুনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান ও নতুন মিলিয়ে ২ হাজার ৪০০-এর বেশি প্রকল্প পর্যালোচনা করছে সরকার। প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনা ও নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পুনর্বিন্যাস করা হচ্ছে। সরকার এখন একক প্রকল্পের পরিবর্তে কর্মসূচিভিত্তিক উন্নয়নের দিকে যেতে চায়, যাতে সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়।
আজ রবিবার পরিকল্পনা কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, অপচয় ও অতি ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকার প্রকল্প ব্যবস্থাপনায় ব্যাপক এই সংস্কার কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি মানেই এক ধরনের ব্যয় বৃদ্ধি, যা অপচয়েরও নামান্তর। তাই কেন প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে, তা খতিয়ে দেখতে আইএমইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ৩৩৩টি চলমান প্রকল্পের মধ্যে প্রায় ১ হাজার ১৫০টি আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রাখা হয়েছে। পাশাপাশি নতুন ১ হাজার ২৭০টি প্রকল্পকে ‘গ্রিন পেজে’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্প পরিচালকদের (পিডি) বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক প্রকল্পের দায়িত্বে থাকা পিডিদের কারণে বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। এজন্য সরকার একটি পৃথক ‘পিডি পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে। এছাড়া তথ্য কারসাজি বা রাজনৈতিক বিবেচনা রোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও স্বাধীন, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
|