ভাঙ্গায় নকল কসমেটিক তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
ভাঙ্গায় নকল কসমেটিক তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় এক বিশেষ অভিযান চালিয়ে ভেজাল ও নকল কসমেটিক পণ্য উৎপাদনের সময় এক অসাধু ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গত সোমবার (১৮ মে) উপজেলার চন্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বহুতল ভবনে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রেজাউল মাতুব্বর (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক ও ১ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। তিনি জেলার নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামের আছমত মাতুব্বরের ছেলে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ওই ভবনে কারখানা কাম গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে কোনো ধরনের বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে দেশী-বিদেশী নামী-দামী ব্র্যান্ডের লোগো ও মোড়ক ব্যবহার করে ক্ষতিকর রাসায়নিক দিয়ে নকল কসমেটিক পণ্য তৈরির হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ সময় অবৈধভাবে ভেজাল কসমেটিক উৎপাদনের অকাট্য প্রমাণ মেলায় আটককৃত রেজাউল মাতুব্বর ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট “ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে নগদ ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। একই সাথে কারখানা থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল, ক্ষতিকর ও নকল কসমেটিক পণ্য স্থানীয় জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ল্যাব সিলগালা করে কসমেটিক উৎপাদনের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে অভিযুক্তের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মুকুল হোসেন সরদার। উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে এই সফল অভিযান পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা রক্ষা, আলামত জব্দ ও ধ্বংস কার্যক্রমে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। বাউফল উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ ভেজাল, নকল কসমেটিক ও কেমিক্যাল পণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন