বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। দেশের একঝাঁক শীর্ষস্থানীয় ও জনপ্রিয় তারকার জমকালো অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
টেলিভিশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনায় দর্শক দেখতে পাবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।
এবারের আসরে দর্শকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার পারফরম্যান্স। বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে তাঁর কালজয়ী গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ নতুনভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি নব্বই দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন পরিবেশন করেছেন তাঁর জনপ্রিয় গান ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’। এই গানের নান্দনিক কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন সুপরিচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছে পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদের বিশেষ পরিবেশনা।
নতুন গানের চমক নিয়ে এই মঞ্চে হাজির হচ্ছেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি ও ইমরান। কবি বকুলের লেখা এবং ইমরান মাহমুদুলের সংগীতে তাঁরা ‘কৃষ্ণচূড়া’ শিরোনামের একটি নতুন গান পরিবেশন করবেন।
গানের পাশাপাশি নৃত্যের পর্বেও থাকছে তারকাবহুল বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে একক নৃত্য পরিবেশন করবেন দেশের নন্দিত মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অন্যদিকে, চিরসবুজ গান ‘দূর দ্বীপবাসিনী’র তালে একসঙ্গে চমৎকার নৃত্য পরিবেশন করবেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। এই নৃত্যের পরিচালনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও তাঁর দল ‘নৃত্যভূমি’। এছাড়া দর্শকদের সরাসরি অংশগ্রহণে ‘রং’ শিরোনামের একটি বিশেষ পর্বে হাজির হয়ে চমক দেবেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
বিনোদনকে আরও জমজমাট করতে বর্তমান প্রজন্মের কয়েকজন তারকাকে নিয়ে সাজানো হয়েছে একটি বিশেষ কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েেল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাসার।
হাসির খোরাক জোগাতে কৌতুক নকশা নিয়ে হাজির হবেন জনপ্রিয় কৌতুকশিল্পী আবু হেনা রনি। এর পাশাপাশি বিভিন্ন নাটিকায় অংশ নিয়ে দর্শকদের আনন্দ দেবেন দেশের প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান এবং মুকিত মোহাম্মদ জাকারিয়া। সব মিলিয়ে এবারের ঈদ আনন্দমেলা দর্শকদের জন্য একটি পরিপূর্ণ বিনোদন প্যাকেজ হতে যাচ্ছে।
জান্নাত সকালাবেলা