লন্ডনে ইহুদি সম্প্রদায় নিরাপদ নয়: মেট পুলিশ প্রধান

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ণ
লন্ডনে ইহুদি সম্প্রদায় নিরাপদ নয়: মেট পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের নাগরিকেরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং তাঁরা ক্রমাগত পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের (মেট পুলিশ) প্রধান স্যার মার্ক রৌলি।

রবিবার (১৭ মে) ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সের 'হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি'র সংসদ সদস্যদের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে তিনি এই বিস্ফোরক তথ্য ও নিজের শঙ্কার কথা জানান।

মেট পুলিশ প্রধান মার্ক রৌলি তাঁর চিঠিতে উল্লেখ করেন, বিগত ছয় সপ্তাহ ধরে লন্ডনে বসবাসরত ইহুদি সম্প্রদায় এক অবর্ণনীয় ও ধারাবাহিক হামলার (সাস্টেইন্ড পিরিয়ড অব অ্যাটাক) মধ্য দিয়ে যাচ্ছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় লেখেন, “ব্রিটিশ ইহুদিরা বর্তমানে তাদের নিজেদের রাজধানী শহরেই নিরাপদ নয়। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

চিঠিতে জানানো হয়, ইহুদি সম্প্রদায়ের ওপর হওয়া এই সিরিজ হামলাগুলোর রহস্য উদঘাটন এবং অপরাধীদের দমনে ব্রিটেনের কাউন্টার টেররিজম (সন্ত্রাস বিরোধী) পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রধান জানান, এই বিশেষ সেলটি বর্তমানে ১১টি পৃথক মামলার তদন্ত করছে। এসব হামলার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এ পর্যন্ত ৩৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১০ জন আসামির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক চার্জশিট বা ফর্দ দায়ের করা হয়েছে এবং একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গত ২৩ মার্চ ইহুদি সম্প্রদায়ের একটি সেবামূলক সংস্থার (হাতজোলা) অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা এবং পরবর্তীতে আরও ৯টি অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে গত ২৯ এপ্রিল লন্ডনের ইহুদি অধ্যুষিত এলাকা গোল্ডার্স গ্রিনে। সেখানে প্রকাশ্য রাস্তায় দুই ব্রিটিশ ইহুদি নাগরিককে (৩৪ ও ৭৬ বছর বয়সী) ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়, যা পুলিশ আনুষ্ঠানিকভাবে 'সন্ত্রাসী হামলা' হিসেবে ঘোষণা করেছে। মেট পুলিশ প্রধানের এই গোপন চিঠিটি এমন এক সময়ে প্রকাশ পেল, যার ঠিক আগের দিন ব্রিটিশ রাজা চার্লস স্বয়ং উত্তর-পশ্চিম লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় সশরীরে সফর করেন। রাজা চার্লস সেখানে ছুরিকাঘাতে আহত ভুক্তভোগী ও ইহুদি সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সহানুভূতি ও রাজকীয় সংহতি প্রকাশ করেন।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন