সরকার যখন দায়িত্ব নেয় তখন হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
সরকার যখন দায়িত্ব নেয় তখন হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিএনপি সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশে হামের টিকার কোনো মজুত ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু না থাকা এবং টিকার তীব্র ঘাটতিই বর্তমান হামের প্রাদুর্ভাবের মূল কারণ।

আজ রোববার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে টিকার ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "২০২০ সালের ডিসেম্বরে দেশে সর্বশেষ হামের টিকা দেওয়া হয়েছিল। এরপর ২০২৬ সালে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করার আগপর্যন্ত দেশে মিজেলসের (হাম) কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি আমাদের দায়িত্ব নেওয়ার সময় একটা টিকার মজুতও অবশিষ্ট ছিল না।"

মহামারি আকার ধারণ করা এই হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে যথাযথ আইসোলেশন (আলাদা রাখা) এবং উন্নত পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেন মন্ত্রী। একই সঙ্গে হাম প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম দেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ ও ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন