রাস্তায় থাকা দলগুলো জামায়াতের বি টিম: আনিস আলমগীর

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
রাস্তায় থাকা দলগুলো জামায়াতের বি টিম: আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে রাজপথে সক্রিয় থাকা রাজনৈতিক দলগুলোর প্রায় সবগুলোই আসলে জামায়াতে ইসলামীর ‘বি টিম’ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। গতকাল শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এই মন্তব্য করেন।

দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ তুলে ধরে আনিস আলমগীর বলেন, "দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ হয়ে আছে, আরেকটি রাজনৈতিক দল রয়েছে ক্ষমতায় এবং অন্য একটি দল অবস্থান করছে বিরোধী দলে। এই দলগুলোরই এখন এ-টিম, বি-টিম কিংবা সি-টিম সক্রিয় রয়েছে। এর বাইরে কার্যকর আর কোনো রাজনৈতিক দল নেই। মূলত জামায়াতের যে বি টিমগুলো আছে, সেগুলোই এখন রাজপথে রয়েছে।"

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি শক্তিশালী ও বৃহত্তর রাজনৈতিক দল গড়ে ওঠা অত্যন্ত জরুরি, যারা সত্যিকার অর্থে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, "জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তারা যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেনি। তবে তাদের অনেকগুলো ঐতিহাসিক ইতিবাচক ভূমিকাও ছিল। মূলত সরকারের প্রতি বেশি সহানুভূতি দেখাতে গিয়েই জাতীয় পার্টির নিজস্ব রাজনৈতিক ক্ষতি হয়েছে।"

উপস্থিত রাজনৈতিক নেতা ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত ড. ইউনূসের শাসনামলে যে রাজনৈতিক দুর্যোগ বা সংকটের মধ্য দিয়ে দেশবাসী দিন পার করেছে, তার অবসান ঘটে বর্তমানে দেশে একটি স্বাভাবিক রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে। এই সময়ে সরকারকে যেমন সহযোগিতা করতে হবে, তেমনি নিজেদের রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়ার সংগ্রামও অব্যাহত রাখতে হবে।

মন্তব্য করুন