নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়াত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার মূলহোতা মো. জোবায়েরকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। আজ রোববার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোবায়ের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়ার বাসিন্দা। এই মামলায় এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আরও দুই অভিযুক্ত।
এর আগে, গত বুধবার (১৩ মে) জেলা পুলিশের অভিযানে এই মামলার এজাহারনামীয় চার আসামি—মো. ছৈয়দ, মো. রাকিব, মো. মানিক ইসলাম ও আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই বর্তমানে কারাগারে রয়েছেন। গত বৃহস্পতিবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই চার আসামি জানান, মামলার ৫ নম্বর আসামি হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী ও মূলহোতা ছিলেন জোবায়ের। তাদের ভাষ্যমতে, জোবায়ের অন্যান্য আসামিদের সঙ্গে মিলে প্রথম ও শেষ ধাপে দুই দফায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার জোবায়েরকে থানায় আনা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত বুধবারের ওই লোমহর্ষক ঘটনায় একইদিন গভীর রাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেছিলেন।