চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

আবু রায়হান, রংপুর ব্যুরো: শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএসের কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। 

শনিবার (১৬ মে) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চিকিৎসকেরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে অত্যন্ত প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ইদানীং উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। চিকিৎসকদের ন্যূনতম কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের সার্বিক স্বাস্থ্যসেবার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। তাঁরা বলেন, চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অথচ বারবার তাঁদেরই শারীরিক হামলা, হুমকি ও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে—যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

এনডিএফ নেতারা অবিলম্বে ডা. নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ চিকিৎসকদের অধিকার রক্ষায় সারাদেশে বৃহত্তর আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর বিভাগের সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেন, মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. আতিকুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু জায়েদ বসুনিয়া, সদস্য ডা. ফারহানা আতিয়া, ইন্টার্ন চিকিৎসক ডা. সাদিক শাহরিয়ার এবং ডা. নুরিয়া।

সমাবেশ থেকে চিকিৎসকদের জন্য একটি স্থায়ী ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে প্রতিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং চিকিৎসক নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করারও জোর দাবি জানান উপস্থিত পেশাজীবী চিকিৎসকেরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন