মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: জনগণকে ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ২১ মে পর্যন্ত।
রবিবার (১৭ মে) বেলা ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সাধারণ মানুষের সুবিধার্থে সহজ ভাষায় লেখা ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিনামূল্যে বিতরণ করা হবে।
ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে মেলা প্রাঙ্গণে সরাসরি বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য—মেলা প্রাঙ্গণেই সরাসরি ই-নামজারির আবেদন জমা দেওয়া যাবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সরাসরি সহায়তা পাবেন সেবাগ্রহীতারা। খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং ডিসিআর প্রাপ্তি সহজ করা হবে। এছাড়া থাকবে ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ সংক্রান্ত তথ্য ও সেবা। ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন নম্বর ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে মেলায় সচেতনতা তৈরি করা হবে।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। তিনি বলেন, “ভূমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। এই নতুন ডিজিটাল ব্যবস্থাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং এটিকে ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন।” অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি, বোয়ালিয়া) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, আগামীতে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মের মাধ্যমে সব ভূমি সেবা প্রদান, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সাথে সাথেই মালিকানা সনদ (সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ) প্রদানের মতো যুগান্তকারী পরিকল্পনা রয়েছে সরকারের।
এ.আই.এল/সকালবেলা