মো. ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের আলীকদম বাজার এলাকায় সম্ভাব্য অগ্নিকাণ্ড মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ১১টায় আলীকদম সেনাজোন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।
যৌথ মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা, আধুনিক প্রযুক্তির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কার্যকর কৌশল, সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের করণীয় বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদর্শন করা হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা কীভাবে সম্মিলিত প্রচেষ্টায় মোকাবিলা করা সম্ভব, তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় এই প্রদর্শনীতে। এতে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মহড়া চলাকালীন সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফায়ার সার্ভিসের পদস্থ কর্মকর্তা ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এ ধরনের মহড়া তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং যেকোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক সচেতনতা, তাৎক্ষণিক দ্রুত পদক্ষেপ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পাহাড়ি অঞ্চলের যেকোনো বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা