নিজস্ব প্রতিবেদক: 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের দাবিতে সিলেটে পথসভা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। আজ রোববার (১৭ মে) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে যুবদল নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদ দেশের গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা সম্ভব।
পথসভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও বলেন, দেশ পরিচালনায় এই সনদের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এবং জুলাই সনদের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই দলটি দেশে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সক্রিয় থাকতে হবে।
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই পথসভায় জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভা শেষে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।