তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মোছাব্বির আল মাসুদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাব্বির আল মাসুদ অভিযোগ করেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে সোচ্চার কথা বলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন, রুবেল, চায়না রিপন ও তাদের সহযোগীরা তাকে হত্যার নীল নকশা ও পরিকল্পনা করছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে জেলখানায় থাকা রুহেল ও আলামিনের পক্ষে নুরে আলম, শামীম ও ফয়েজ ফারুক নামের তিন ব্যক্তিকে তাকে শেষ করে দেওয়ার জন্য ভাড়া করা হয়েছে। মাদক কারবারিদের এমন প্রকাশ্য হুমকিতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ব্যবসায় নিয়োজিত মালবাহী গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। সম্প্রতি তিনি স্থানীয় লেবু বাজারে পরিবহন ব্যবসা শুরু করলে তাঁর বিশ্বস্ত কর্মচারীর কাছ থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক ৪ হাজার ৩০০ টাকা চাঁদা আদায় করেন নুরে আলম, শামীম ও ফয়েজ। একই ঘটনায় অপর এক ব্যবসায়ীকেও চাঁদার দাবিতে চরম হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলন থেকে মোছাব্বির আল মাসুদ প্রশাসনের কাছে এই পুরো চক্রটির বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও তাদের সুবিধাভোগীরা তাকে হত্যাসহ নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই তাঁর ব্যবসা সচল রাখা, নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ.আই.এল/সকালবেলা