২০২৮ সাল পর্যন্ত পাকিস্তান সাংবিধানিকভাবে সুদমুক্ত

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
২০২৮ সাল পর্যন্ত পাকিস্তান সাংবিধানিকভাবে সুদমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৮ সালের মধ্যে পাকিস্তান থেকে সম্পূর্ণরূপে সুদি ব্যবস্থার অবসান ঘটানো এখন সাংবিধানিক বাধ্যবাধকতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম (জেআইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান।

রবিবার (১৭ মে) করাচিতে পাকিস্তানের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হাবিবের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ী সমাজ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দেশে স্থায়ী শান্তি ফিরলেই কেবল নতুন বিনিয়োগ আসবে, যা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি প্রদান করবে। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বৈশ্বিক ঋণদাতা সংস্থার ওপর নির্ভরশীলতা কমিয়ে পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সম্পদ ও স্থানীয় ব্যবসায়ীদের ওপর আস্থা রাখার জোর আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, দেশের ব্যবসায়ীদের যথাযথ মূল্যায়ন ও সুযোগ দিলে তাঁদের মাধ্যমেই রাষ্ট্রের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব।

জেআইউআই-এফ প্রধান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ইসলাম মানবজাতিকে একটি পূর্ণাঙ্গ ও কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা উপহার দিয়েছে। আমাদের উচিত সেই ব্যবস্থা অনুসরণ করা। রাষ্ট্রীয় পর্যায় থেকে সুদি ব্যবস্থার অবসান ঘটানো সম্ভব হলে দেশের অর্থনীতিতে দৃশ্যমান ও যুগান্তকারী সাফল্য আসবে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “২০২৮ সালের মধ্যে দেশ থেকে সুদ নির্মূল করার বিষয়টি এখন পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই আইন বাস্তবায়ন করা না হয়, তবে তা সরাসরি সংবিধান লঙ্ঘনের শামিল হবে এবং এর বিরুদ্ধে কঠোর সাংবিধানিক আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন