আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থানা পুলিশের অভিযানে দোকান চুরির ঘটনায় জড়িত চারজন চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই ১টি ল্যাপটপ ও ২টি পেনড্রাইভ উদ্ধার করা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গত ৫ মে ২০২৬ শ্যামপুর বাজারের ‘শুভ ট্রেডার্স’ দোকানে হওয়া চুরির তদন্তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ধামইরহাট ও পত্নীতলা থানার পুলিশ যৌথভাবে মহাদেবপুর থানার মাতাজি এলাকা এবং পত্নীতলা থানার গগনপুর এলাকায় কয়েক ধাপে অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর চোরাই মালামালসহ চার আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে চুরি এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃতরা হলেন পত্নীতলা থানার মোঃ আবু সাঈদ (৩৫), শ্রী অমিত চন্দ্র বর্মন (২৮), মোঃ শামীম হোসেন (৩০) এবং মহাদেবপুর থানার মোঃ স্বপন বাবু (৩১)। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ.আই.এল/সকালবেলা